গজারিয়ায় তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ী রাহাফুলের লাশ উদ্ধারের পর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। রোববার দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায়।
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় তালাবদ্ধ একটি ঘর থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের আবদুল্লাহপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ী রাহাফুল খান (২০) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে। তিনি আবদুল্লাহপুর গ্রামের ওয়াজেদ ব্যাপারীর বাসায় কয়েক দিন ধরে ভাড়া থাকতেন। রাহাফুল বাউশিয়া বহুমুখী সমিতি মার্কেটে  ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা করতেন।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাহাফুল তাঁর ঘরে একাই থাকতেন। সকালে ঘর থেকে বেরিয়ে যেতেন, বিকেল বা সন্ধ্যার দিকে ফিরতেন। গতকাল শনিবার বিকেলেও ঘরের মধ্যে তাঁকে একাই দেখেছিলেন প্রতিবেশীরা। আজ সকালে রাহাফুলের কক্ষে তালা ঝুলছিল। কক্ষ থেকে রক্তপচা উৎকট দুর্গন্ধ বের হচ্ছিল। পরে প্রতিবেশীরা ঘরের ফাঁকফোকর দিয়ে রাহাফুলের লাশ দেখতে পান। তাঁরা পুলিশ ও রাহাফুলের পরিবারকে খবর দেন। দুপুরে পুলিশ ঘরের তালা ভেঙে লাশটি উদ্ধার করে।

বাবা জাহিদ হোসেন জানান, রাহাফুল গ্রামের বাড়িতে থেকে ইলেকট্রিক পণ্যের ব্যবসা করছিলেন। ১০-১২ দিন আগে সামান্য বিষয় নিয়ে বাড়িতে কথা-কাটাকাটি হয় তাঁর। অভিমান করে রাহাফুল বাড়িতে যাওয়া বন্ধ করে দেন। তার পর থেকে দোকানের পাশেই বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন। তবে প্রতিদিন ছেলের সঙ্গে মুঠোফোনে কথা হতো বলে জানান জাহিদ। শনিবার সকাল ১০টার দিকেও বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। আজ সকালে তিনি জানতে পারেন, রাহাফুলকে কেউ ঘরের মধ্যে মেরে ফেলে রেখেছেন।

জাহিদ হোসেন বলেন, ‘আমাদের জানামতে, ব্যবসা বা অন্য কিছু নিয়ে রাহাফুলের সঙ্গে কারও শত্রুতা ছিল না; যার কারণে আমার ছেলেকে এমন নির্মমভাবে হত্যা করা হবে। যে বা যারা রাহাফুলকে হত্যা করল, তাদের বিচার চাই।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার কোনো এক সময় ওই তরুণকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে হত্যা করেছে, সেটি এখনো জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।