গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্মহত্যা
প্রতীকী ছবি

গোপালগঞ্জ পৌরসভার একটি বাসা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার নবীনবাগ এলাকার বিজিবি সদস্য শেখ মো. সবুর সিকদারের বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিক্তা খাতুন (২২) বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভালকি গ্রামের রবিউল ইসলামের মেয়ে। রিক্তা ছিলেন বিবাহিত। তাঁর স্বামী রাসেল মন্ডল (২৬) একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঘোষপুর গ্রামের আবুল কাসেমের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ২৩ ফেব্রুয়ারি ভালোবেসে রিক্তাকে বিয়ে করেন রাসেল। বিষয়টি দুজনের পরিবারের কেউ জানত না। নবীনবাগ এলাকায় একটি ভাড়া বাসায় তাঁরা বসবাস করতেন।

রাসেল বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে কোচিংয়ে ক্লাস নেওয়ার জন্য বাসা থেকে বের হই। বেলা পৌনে দুইটার দিকে বাসায় ফিরে দেখি আমাদের রুমের দরজা খোলা। তখন রুমের ভেতরে ঢুকে দেখি আমার স্ত্রী ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়েছে।’

স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা ছিল কি না, এমন প্রশ্নে রাসেল বলেন, ‘কয়েক দিন হলো অন্য একটি মেয়ে আমার মুঠোফোনে মেসেজ ও ফোন দিয়ে বিরক্ত করছে। বিষয়টি নিয়ে আমার সঙ্গে রিক্তার ভুল–বোঝাবুঝি এবং মুঠোফোন ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে যে নম্বর থেকে মেসেজ ও কল আসত, সেই মুঠোফোন নম্বর আমার স্ত্রী রিক্তাকে ও আমার কয়েকজন বন্ধুকে দিই মেয়েটি শনাক্ত করার জন্য। এরপর এই বিষয় নিয়ে আমার স্ত্রীর সঙ্গে আর কোনো ঝামেলা ছিল না।’

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক থাকার কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা।