সময়টা হেমন্তের।মাঠে মাঠে সোনালি ধানের হাসি।গ্রা মবাংলায় এখন আমন ধান কাটার মৌসুম। এই নতুন ধান ঘরে তোলার আনন্দের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির চিরায়ত উৎসব নবান্ন। গত শনিবার ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার কচুবাড়ি এলাকায়
সময়টা হেমন্তের।মাঠে মাঠে সোনালি ধানের হাসি।গ্রা মবাংলায় এখন আমন ধান কাটার মৌসুম। এই নতুন ধান ঘরে তোলার আনন্দের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির চিরায়ত উৎসব নবান্ন। গত শনিবার ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার কচুবাড়ি এলাকায়

বদলে গেছে নবান্ন, কমেছে উৎসবের আমেজ

সময়টা হেমন্তের। মাঠে মাঠে সোনালি ধানের হাসি। গ্রামবাংলায় এখন আমন ধান কাটার মৌসুম। এই নতুন ধান ঘরে তোলার আনন্দের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির চিরায়ত উৎসব নবান্ন। একসময় কৃষকের ঘরে নতুন ফসল আসার এই আনন্দ ছড়িয়ে পড়ত পুরো গ্রামে। বাড়িতে বাড়িতে তৈরি হতো পিঠা-পায়েস, বসত আত্মীয়স্বজনের মিলনমেলা। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিবেশীদের মধ্যে চলত খাবার আদান-প্রদান।

ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি গ্রামের কৃষক আনোয়ার হোসেন (৬৮) অতীতের নবান্নের কথা স্মরণ করে বলেন, ‘ধান উঠিলেই আগতে কত রকমের পিঠা হতো। পিঠার গন্ধে মনখান ভরে উঠিত। আর অ্যালা পিঠা হয় ঠিকই, কিন্তু আগের মতো স্বাদ আর আয়োজন নাই।’

নতুন ধান ঘরে তোলার আনন্দের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির চিরায়ত উৎসব নবান্ন। গত শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার পারপূগী এলাকায়

আসলেই সময়ের সঙ্গে বদলে গেছে নবান্নের সেই আয়োজন। হারিয়ে গেছে ঢেঁকি, কমেছে বাড়িতে পিঠা তৈরির ধুম। গ্রামীণ খেলাধুলা ও যাত্রাপালার মতো বিনোদনও অনেকটা বিলুপ্তির পথে। কৃষকের অর্থনৈতিক সংকটও কেড়ে নিচ্ছে উৎসবের আনন্দ। তারপরও কিছু রীতির মধ্য দিয়ে বাঙালির নবান্নের আয়োজন টিকে আছে।
সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক প্রদীপ রায়ের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ। কাজের ফাঁকে কথা হয় তাঁর স্ত্রী সুমিত্রা রায়ের (৫৯) সঙ্গে। তিনি বলেন, ‘নতুন ধানের পিঠা-পায়েস না খাইলে কি হয়? ছোটবেলা থেকেই নতুন চালের পিঠা খেয়ে আসছি। এখন কৃষকের হাতে টাকা থাকে না। তাই আগের মতো বাড়িতে বাড়িতে পিঠার আয়োজন হয় না। দু-একটা পিঠা বানিয়েই আয়োজন শেষ করতে হয়।’

একসময় নতুন ধান ঘরে উঠলে কৃষকের বাড়িতে বাড়িতে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ত। নতুন চাল, গরুর দুধ ও খেজুরের রস দিয়ে তৈরি হতো পায়েস-ফিরনি। সেই খাবার শিরনি হিসেবে পাঠানো হতো মসজিদ, মন্দির কিংবা দরগায়। জামাই ও নতুন আত্মীয়দেরও নিমন্ত্রণ জানানো হতো। তবে সেই আয়োজন এখন অনেকটাই সীমিত হয়ে এসেছে।

নবান্নের সময় একসময় গ্রামের বধূদের মধ্যে চালের গুঁড়া তৈরির ব্যস্ততা শুরু হয়ে যেত। তখন গ্রামগঞ্জে ধান পেষাইয়ের মেশিন ছিল না। বাড়ির ঢেঁকিই ছিল অন্যতম মাধ্যম। ভোর থেকে ঢেঁকিতে চাল ভাঙার শব্দ শোনা যেত। পিঠা তৈরির জন্য চালের গুঁড়া করতে নারীদের দীর্ঘ সময় পরিশ্রম করতে হতো।

সেই স্মৃতি এখনো মনে রেখেছেন সদর উপজেলার পাবনাপাড়া এলাকার গৃহিণী জলেশ্বরী রানী (৬৭)। তিনি জানান, নবান্নের সময় ভোর থেকে চাল ভাঙা শুরু হতো। চাল গুঁড়া করে বাড়ি ফিরতে দুপুর গড়িয়ে যেত। এখন আর ঢেঁকি নেই। মেশিনে চাল গুঁড়া করাতে হয়। কিন্তু পিঠার সেই স্বাদ আর পাওয়া যায় না।

শুধু পিঠাপুলি আর পায়েস নয়, নবান্নের মিষ্টান্ন তৈরিরও ছিল বিশেষ আয়োজন। তখন গ্রামগঞ্জে মিষ্টির দোকান ছিল কম। অধিকাংশ পরিবারেই বাড়িতে তৈরি করা হতো নানা রকমের মিষ্টি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, একসময় আমন ধান কাটার আগের সময়টাতে গ্রামাঞ্চলের মানুষের অভাব-অনটন বেশি থাকত। কৃষক, দিনমজুর থেকে শুরু করে জমির মালিক—সবাই নতুন ধান ঘরে তোলার অপেক্ষায় থাকতেন। ধান উঠলেই তাঁদের ঘরে কিছুটা স্বস্তি ফিরত। কিন্তু এখন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকের সেই স্বস্তি কমেছে।

তুহিন ওয়াদুদ আরও বলেন, ফলে নতুন ফসল ঘরে তোলার আনন্দ থাকলেও আগের মতো উৎসবমুখর অনুভূতি দেখা যায় না। সেই আয়োজনের ধরনও বদলে গেছে। উৎসবহারা হয়ে বাঙালি সত্যিকার অর্থে প্রাণহীন একটা জাতিতে পরিণত হচ্ছে, এমন মন্তব্য করেন প্রবীণ শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মনতোষ কুমার দে। তিনি বলেন, ‘আমাদের উচিত হবে, এই উৎসবকে ধারণ করে আমাদের এই জাতিকে প্রাণে উজ্জীবিত করে প্রাণ ধারণের শক্তিটাকে বাড়িয়ে তোলা।’