কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ সকালে নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকা থেকে তোলা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ সকালে নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকা থেকে তোলা

চট্টগ্রামে মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির বাসা ভাঙচুর

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভাঙচুর করা হয়েছে। তাঁর বাসা মনে করে পাশের ভবনেও ভাঙচুর করা হয়। গতকাল বুধবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

ভাঙচুর করা দুটি ভবন হচ্ছে জহুর আহমেদ চৌধুরী টাওয়ার ও সাঈদা নিবাস। মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা জহুর আহমেদ চৌধুরী টাওয়ারের দ্বিতীয় তলায়। ওই তলার কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া নিচতলায় কেয়ারটেকার ও নিরাপত্তা প্রহরীর কক্ষও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বলেন, গতকাল রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল ভবন এলাকায় আসে। তাঁদের হাতে লাঠিসোঁটা ছিল। তারা এসেই মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা মনে করে সাঈদা নিবাস নামের একটি ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে জহুর আহমেদ চৌধুরী টাওয়ারে ভাঙচুর চালায়।

নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হোসেন মামুন প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভাঙচুরের খবর শুনেছেন। থানা থেকে একটি দল পাঠানো হয়েছে। সেখানে গিয়ে কিছু কাচের টুকরা পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেননি।

গৃহায়ণ অফিসে অগ্নিকাণ্ডের চেষ্টা

এদিকে নগরের জিইসি মোড় এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ে রাতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ জন্য নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেছে।

নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, কয়েকজন লোক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনার সঙ্গে নিষিদ্ধ সংগঠনের লোকজন জড়িত থাকতে পারে বলে তাঁদের প্রাথমিকভাবে মনে হয়েছে।