পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। আজ সকাল সাড়ে ছয়টার দিকে কিসমত রেলস্টেশনে
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। আজ সকাল সাড়ে ছয়টার দিকে কিসমত রেলস্টেশনে

পঞ্চগড়ের কিসমতে দ্রুতযান এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশনে আন্তনগর ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সকাল সোয়া ছয়টার দিকে পঞ্চগড় থেকে সান্তাহারগামী আন্তনগর ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

এই অবরোধের কারণে পঞ্চগড়-ঢাকা রেলপথে সকাল প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এতে দুর্ভোগে পড়েন সংশ্লিষ্ট যাত্রীরা।

খবর পেয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সকাল সোয়া আটটার দিকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সেখান থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে কর্তৃপক্ষ ও কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চগড়-ঢাকা রেলপথে চলাচলকারী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি কিসমত রেলস্টেশনে নিয়মিতভাবে যাত্রাবিরতি করে আসছে। তবে আগামীকাল রোববার (১৯ জানুয়ারি) থেকে স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে কিসমত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারীরা বিপাকে পড়বেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

স্থানীয় বাসিন্দা আবু হাসান বাবু বলেন, ২০১৭ সালে দ্রুতযান এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই কিসমত রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে আসছে। কিন্তু হঠাৎ ‘কিসমত রেলস্টেশনে টিকিট বিক্রি হয় না এবং বিনা টিকিটে মানুষ ট্রেনে উঠে’, এমন অজুহাতে যাত্রাবিরতি প্রত্যাহার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অথচ জেলার বোদা ও আটোয়ারী উপজেলার মানুষ এই রেলস্টেশনের ওপর নির্ভরশীল। হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হলে এসব এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হবে।

বিক্ষোভকারীরা জানান, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন। এ জন্য একটি স্মারকলিপি দিতে বলা হয়েছে। পরে বিক্ষোভটি স্থগিত করা হয়েছে।

জানতে চাইলে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ট্রেন অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছি। এ সময় বিক্ষোভকারীদের দাবিদাওয়া–সংবলিত একটি স্মারকলিপি দিতে বলেছি। আমরা সেটি জেলা প্রশাসকের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।’

বর্তমানে রেলপথটিতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন কিসমত রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. বজলুর রহমান।