জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আবদুল আজিজ মোল্লা। দলীয় কর্মীরা বলেন, আওয়ামী লীগে ফেরার শর্তে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন।
আজ রোববার দুপুরে শহরের ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট নাগরিক ঐক্য পরিষদের এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
দলীয় নেতা-কর্মীরা বলেন, আব্দুল আজিজ মোল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁকে ২০০৬ সালে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। নির্বাচনের তিন দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপর থেকে তাঁকে আওয়ামী লীগের কর্মসূচিতে দেখা যায়নি।
জানতে চাইলে আবদুল আজিজ মোল্লা প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলে সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন তাঁকে কয়েকবার ফোন দিয়েছিলেন। তিনি প্রার্থিতা প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন। কোনো শর্ত ছাড়াই শুধু হুইপের অনুরোধে তিনি জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি আরও বলেন, দলীয় কোন্দলে তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের মাঝামাঝি সময়ে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছিল। তবে তিনি আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
আবু সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থিত প্রার্থী খাজা শামছুল আলম একজন সজ্জন, মুরব্বি ও ত্যাগী মানুষ। তাঁর নির্বাচিত হওয়ার স্বার্থে দলীয় নেতা হিসেবে আবদুল আজিজ মোল্লাকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছি। তিনি আমার অনুরোধে প্রার্থিতা প্রত্যাহারে সম্মত হয়েছেন।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান বলেন, আব্দুল আজিজ মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে এমন কথা তাঁর জানা নেই। বহিষ্কারাদেশ যদি প্রত্যাহার হতো তাহলে দলের কোথায় তাঁর নাম থাকত।