
বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ওরফে ইমরানকে ঢাকার পল্টন থানা-পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে তাঁকে বরিশাল নগরের কাউনিয়া এলাকার জানকি সিংহ সড়কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কাউনিয়া থানার পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ২১ ডিসেম্বর পল্টন থানায় করা একটি নাশকতার মামলায় কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম ওরফে মিঠুকে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন জানান, গতকাল দিবাগত রাত একটার দিকে নগরের কাউনিয়া এলাকার জানকি সিংহ সদরের বাড়ি থেকে ছাত্রদল নেতা তৌফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা থেকে পুলিশের একটি দল বরিশালে এসে তাঁকে গ্রেপ্তার করে। পরে তৌফিকুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন এলাকার কাউনিয়া থানায় নেওয়া হয়। এরপর ভোর সাড়ে পাঁচটার দিকে কাউনিয়া থানা থেকে তাঁকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।
আবুল কালাম শাহীন দাবি করেন, ছাত্রদল নেতা তৌফিকুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা নেই। বিনা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, পল্টন থানায় একটি মামলার আসামি ছাত্রদল নেতা তৌফিকুল ইসলাম। তবে এটি কী অভিযোগে করা মামলা, তার বিস্তারিত জানাতে পারেননি তিনি।
ওসি বলেন, ওই মামলার আসামি হিসেবে তাঁকে পল্টন থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। আজ ভোরেই তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।