লাশ
লাশ

প্রতিবেশীকে ফাঁসাতে ভাতিজাকে হত্যা, পরে ‘ডাকাতির নাটক’ সাজান চাচা

কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের উত্তরপাড়া এলাকার একটি বেগুনখেত থেকে রফিকুল ইসলাম (৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গতকাল দিনভর প্রচার চালানো হয়, রফিকুলের চাচা মফিজুল ইসলামের ঘরে গভীর রাতে ডাকাত দল হানা দেয়। ডাকাতদের দেখে রফিকুল চিৎকার করায় তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বেগুনখেতে ফেলে রাখা হয়। ডাকাত দলের সঙ্গে প্রতিবেশী একটি পরিবারের লোকজনও ছিলেন।

তবে গতকাল রাতেই পুলিশ তদন্ত করে জানতে পারে, দিনভর প্রচার করা এসব তথ্য ছিল সাজানো গল্প। আর এই গল্পে ‘ডাকাতির নাটক’ সাজিয়েছেন রফিকুলের চাচা মফিজুল ইসলাম। তিনি মূলত প্রতিবেশীকে ফাঁসাতে ভাতিজাকে হত্যার পর ‘ডাকাতির নাটক’ সাজান বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মফিজুল ইসলামকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম আবিদপুর গ্রামের হাবু মিয়ার ছেলে। মফিজুলও একই গ্রামের বাসিন্দা। শারীরিক প্রতিবন্ধী ছেলেকে হত্যার অভিযোগে ভাই মফিজুল ইসলামের বিরুদ্ধে রোববার দিবাগত মধ্যরাতে থানায় মামলা করেছেন হাবু মিয়া।

আজ সোমবার দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, প্রতিবেশী একটি পরিবারকে ফাঁসাতে এই ‘ডাকাতির নাটক’ সাজিয়েছেন নিহত যুবকের চাচা মফিজুল ইসলাম। তিনি পুরো গল্প ও নাটক সাজান। ছাগল বাঁধার রশি দিয়ে প্রতিবন্ধী ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর একই গ্রামের একটি বেগুনখেতে লাশ ফেলে যান তিনি। মফিজুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার পুরো ঘটনা স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মফিজুলের পরিবারের অন্য কেউ বিষয়টি জানতেন না বলে জানা গেছে। এ ঘটনায় মফিজুল ছাড়া আর কেউ জড়িত ছিলেন কি না, সেটি তদন্ত করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মফিজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মৃত আবদুর রহিমের ছেলে আবুল খায়ের (৫০), তাঁর স্ত্রী সুমি বেগমের টাকাপয়সা নিয়ে বিরোধ চলছে। তাঁদের ফাঁসাতে ভাতিজাকে হত্যা করে বাড়িতে ডাকাত আসার গল্প ও নাটক সাজান মফিজুল। তিনি নিজের টিনের ঘর কুপিয়ে ও ঘরের মালামাল ওলট-পালট করে ডাকাতির নাটককে পাকাপোক্ত করার চেষ্টা করেন। সকাল থেকেই তিনি প্রচার করেন, ডাকাত দলের সঙ্গে প্রতিবেশী পরিবারটির সদস্যরাও ছিলেন। পরে পুলিশ আবুল খায়ের, তাঁর স্ত্রী সুমি বেগম ও ছেলে কলেজশিক্ষার্থী আরিফুল ইসলাম ওরফে ফয়সালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে পুলিশের সন্দেহ হলে মফিজুল ইসলাম ও তাঁর ছেলেকেও আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রাতে মফিজুল পুরো ঘটনা স্বীকার করলে অন্যদের রাতেই ছেড়ে দেয় পুলিশ।

নিহত যুবকের বাবা মো. হাবু মিয়া বলেন, ‘ব্যক্তিগত বিরোধ নিয়ে প্রতিবেশীদের ফাঁসাতে আমার শারীরিক প্রতিবন্ধী ছেলেটাকে খুন করল। আমি খুনির ফাঁসি চাই। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, সেটি তদন্ত করে দেখার দাবি জানাচ্ছি।’