সাগরে ট্রলারডুবি

সুন্দরবন থেকে ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও বন বিভাগ

সুন্দরবনের ছোদনখালী খাল থেকে ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। সাগরে তাঁদের ট্রলারডুবি হয়েছিল
প্রথম আলো

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাগা দোবেকী টহল ফাঁড়ির আওতাধীন ছোদনখালী খাল থেকে ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। যৌথভাবে অভিযান পরিচালনা করে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁদের উদ্ধার করে কোস্টগার্ড ও বন বিভাগ।

উদ্ধার হওয়া জেলেরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের হিরন মাঝি, জলিল হাওলাদার, ফারুক হাওলাদার, মো. ফিরোজ, করিম খান, সবুজ হাওলাদার, ইউছুফ আলী, জহিরুল ও সেলিম হাওলাদার। এ ছাড়া ওই একই এলাকার আব্বাস খাঁ, জুয়েল খাঁ, রাকিবুল ও দুলাল হাওলাদার নিখোঁজ রয়েছেন।

১৯ আগস্ট পটুয়াখালীর কলাপাড়া থেকে একটি ট্রলার নিয়ে সাগরে ইলিশ ধরতে গিয়েছিলেন ওই জেলেরা। ট্রলারটি ছিল ওই এলাকার ওবায়দুল গাজীর। মোট ১৩ জনের মধ্যে চারজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আংটিহারা কোস্টগার্ড টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে মোংলা কোস্টগার্ড কার্যালয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওই কার্যালয় থেকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিয়মিত টহল দেওয়ার সময় তাঁদের দেখতে পেয়ে কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার করা হয়।

কাগা দোবেকী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ১৯ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে এফবি ওবায়দুল ফিশিং বোট নামের ট্রলারটি। ট্রলারে থাকা ১৩ জন জেলের মধ্যে ৯ জেলে পানিতে ভেসে সুন্দরবনের কালীরচর এলাকায় আশ্রয় নেন। পরে সেখান থেকে কাঠের ভেলা তৈরি করে কোনোরকমে ছোদনখালী খালের গোড়ায় এসে অবস্থান নেন। নিয়মিত টহল দেওয়ার সময় তাঁদের দেখতে পেয়ে কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার করা হয়।

ইসমাইল হোসেন আরও বলেন, চার দিন ধরে ওই জেলেরা কাঁচা কাঁকড়া ও গাছের লতাপাতা খেয়ে বেঁচে ছিলেন। উদ্ধারের সময় তাঁরা খুব দুর্বল ছিলেন। পরে প্রাথমিক চিকিৎসা, খাবার ও পোশাক দিয়ে তাঁদের কোস্টগার্ডের সহায়তায় আংটিহারা কোস্টগার্ড টহল ফাঁড়িতে পাঠানো হয়েছে। ওই জেলেদের কাছ থেকেই জানা গেছে, ট্রলারটিতে মোট ১৩ জন ছিলেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধার করা জেলেদের কোস্টগার্ডের সহায়তায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখান থেকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে ২১ আগস্ট সুন্দরবনের হলদিবুনিয়া এলাকা থেকে ২১ জন ও মান্দারবাড়িয়া এলাকা থেকে ৪১ জন জেলেকে উদ্ধার করেছিল বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট প্যাট্রল টিম। পরে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।