ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফয়দাবাদ ইউনিয়নের চরলৌহনিয়া গ্রামের কলাকান্দি (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফয়দাবাদ ইউনিয়নের চরলৌহনিয়া গ্রামের কলাকান্দি (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি

আশঙ্কা সত্ত্বেও ভোটকেন্দ্রে মানুষ আসছেন: জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি, নানা আশঙ্কা সত্ত্বেও ভোটকেন্দ্রে মানুষ আসছেন। আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি এবং যা খবর নিয়ে জানতে পেরেছি এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় আছে। আমি আশা করছি, আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য কাজ করব।’

আজ বৃহস্পতিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার ফয়দাবাদ ইউনিয়নের চরলৌহনিয়া গ্রামের কলাকান্দি (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জোনায়েদ সাকি।

নিজের ভোট প্রদান শেষে জোনায়েদ সাকি বলেন, ‘আজকের দিনটি অনেক প্রতীক্ষিত দিন। অসংখ্য শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এই দিনটি পেয়েছি। অনেকে আহত, তাঁরা এখনো কাতরাচ্ছেন। আজকের এই দিনে আমাদের গণতান্ত্রিক যাত্রা এক ধাপ এগিয়ে যাবে।’

অন্যান্য প্রার্থীর উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, ‘প্রত্যেক প্রার্থীকেই বিবেচনা করতে হবে, নির্বাচন মানেই কেউ না কেউ জয়–পরাজয় থাকবে। কেউ ভোট বেশি পাবেন, কেউ ভোট কম পাবেন। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে ভোট বেশি পেলে তাঁরা দায়িত্ব পান। কিন্তু যাঁরা কম পান তাঁদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করা। বাংলাদেশে একটা রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার ও মেরামতের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা প্রতিষ্ঠিত করতে চাই।’

দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের ভালো উপস্থিতি দেখা গেছে। সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রে ১৬ শতাংশ ভোট পড়ে। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩১ শতাংশ।

প্রিসাইডিং কর্মকর্তা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ১৮৫ ভোট পড়েছে। এখানে মোট ভোটার ৩ হাজার ৭৮৫ জন। তবে সব প্রার্থীর এজেন্ট নেই। পাঁচজন প্রার্থীর এজেন্ট আছে।

বেলা একটার দিকে বাঞ্ছারামপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ২৫৬টি। এই কেন্দ্রের ভোটার ৩ হাজার ৬৫ জন।

প্রিসাইডিং কর্মকর্তা কাজী সোহেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভোটের আরও সাড়ে তিন ঘণ্টা বাকি আছে। এখন পর্যন্ত ৪০ দশমিক ৯৭ শতাংশ ভোট পড়েছে। বিকেল পর্যন্ত ৬০ শতাংশ ভোট পড়বে বলে আশা করছি।’