শ্যামনগরের পাউবোর বাঁধে ধস, পাঁচ দিনেও মেরামতের কাজ শুরু হয়নি

জোয়ারের তোড়ে যেকোনো সময় এই বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে
ছবি: প্রথম আলো

সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালী গ্রামে চুনো নদীতে পানি উন্নয়নের বোর্ডের (পাউবো) বাঁধে ধস শুরু হয়েছে। গত সোমবার থেকে নদীর চেয়ারম্যান মোড় এলাকায় ধস শুরু হয়। এর পর পাঁচ দিন পার হয়ে গেলেও বাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় জোয়ারের তোড়ে যেকোনো সময় ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শ্যামনগরে বুড়িগোয়ালিনী গ্রামের সঙ্গে সুন্দরবন বিভক্ত করেছে চুনো নদ। নদীর দক্ষিণে সুন্দরবন আর উত্তরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন। প্রাকৃতিক দুর্যোগ এলেই যেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১৯ গ্রামের ৪৯ হাজার মানুষের কপাল পোড়ে। ঘূর্ণিঝড় আম্পান আর ইয়াসের আঘাতের এ ইউনিয়নের অধিকাংশ মানুষের কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি ভেঙে গিয়েছিল। ফসলের খেত ও মাছের ঘের তলিয়ে এ ইউনিয়নের মানুষ নিঃস্ব হয়ে পড়ে। এখনো তাঁরা সেই ধকল কাটিয়ে উঠতে পারেননি। এ অবস্থায় আবার বাঁধ ভেঙে গেলে ইউনিয়নের মানুষ চরম বিপাকে পড়বে।

গতকাল বিকেলে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রাম ঘুরে দেখা গেছে, চুনো নদীর চেয়ারম্যান মোড় এলাকায় পাউবোর বাঁধে বড় ধরনের ধস নেমেছে। স্থানীয় লোকজন জানান, পাউবোর কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেই তাঁদের দায়িত্ব সেরেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানও ঘুরে দেখে গেছেন। তবে এখনো বাঁধ মেরামতে কোনো উদ্যোগ দেখা যায়নি।

দাতিনাখালী গ্রামের আবদুল আজিজ বলেন, জোয়ারের পানি তোড়ে গত সোমবার বাঁধে ধস নেমেছে। এরপর থেকে ভাঙন আস্তে আস্তে বাড়ছে। ইয়াসের সময় ভেঙে যাওয়া ঘরবাড়ি এখনো অনেকেই মেরামত করতে পারেনি। এ অবস্থায় বাঁধ ভেঙে গেলে মানুষের দুর্গতির সীমা থাকবে না।

দাতিনাখালী গ্রামের দিনমজুর রুহুল আমিন বলেন, বাঁধের পাশেই তাঁর বাড়ি। বাঁধ ভেঙে গেলে তিনি আশ্রয়হীন হয়ে পড়বেন। শুধু এই গ্রাম নয়, বাঁধটি ভেঙে গেলে ইউনিয়নের পুড়াকাঠলা, ভামিয়া ও কলবাড়ি গ্রাম তলিয়ে যেতে পারে।

সোমবার থেকে ধস শুরু হলেও বাঁধ মেরামতে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি

সোমবার থেকে নদীর চেয়ারম্যান মোড় এলাকায় ধস শুরু হয়। এর পর পাঁচ দিন পার হয়ে গেলেও বাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নিজানতে চাইলে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, এই ইউপিতে বাঁধ মেরামতের মতো বরাদ্দ থাকে না। তিনি ধসে যাওয়া বাঁধ এলাকা ঘুরে এসে পাউবো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামত করার জন্য তিনি নিয়মিত পাউবোর সঙ্গে যোগাযোগ রাখছেন।

সাতক্ষীরা পাউবোর উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, হঠাৎ করেই দাতিনাখালী এলাকার ওই অংশে বাঁধে ধস নেমেছে। তবে বাঁধ মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই মেরামত কাজ শুরু হতে বল তিনি আশা করছেন।