প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে। গতকাল শনিবার
প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে। গতকাল শনিবার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়ায় উৎসবমুখর পরিবেশ, যাবেন পৈতৃক ভিটায়

প্রায় দুই দশক পর আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়ি আসছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে বগুড়া শহরের রাস্তাঘাট থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো ঝেড়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, বগুড়া পৌরসভা ভবন এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ নতুন সাজে সজ্জিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে মঞ্চ নির্মাণের কাজও শেষ হয়েছে।

এদিকে গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের পৈতৃক ভিটা জিয়াবাড়ি নতুন করে সাজানো হয়েছে। এলাকার রাস্তাঘাট সংস্কার করা হয়েছে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে। ওই বাড়ি জিয়াবাড়ি হিসেবে পরিচিত। বগুড়া শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে ওই গ্রামের অবস্থান। গতকাল শনিবার বাগবাড়ীতে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ বাড়িটি সংস্কার করা হয়েছে। বাড়ির সামনে সড়কও নতুন করে তৈরি করা হয়েছে।

জিয়াউর রহমানের গ্রামের বাড়িটি সংস্কার করা হয়েছে

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার উদ্দেশে সড়কপথে রওনা দেবেন। সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। এরপর বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌর ভবনে ‘বগুড়া সিটি করপোরেশন’–এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

এরপর সড়কপথে প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাবেন। তিনি বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য দেবেন। পরে তিনি বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন।

বেলা দুইটায় প্রধানমন্ত্রী সড়কপথে বগুড়া সার্কিট হাউসে ফিরবেন। তিনি বিকেল চারটায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। সন্ধ্যা পৌনে ছয়টায় প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করবেন। ফেরার পথে তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি করবেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে সব প্রস্তুতি শেষ হয়েছে। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলা মাঠে জনসভার মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। সিটি করপোরেশন ঘোষণাকে কেন্দ্র করে বগুড়া এখন উৎসবের নগরী।