র‍্যাবের অভিযানে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয় সৈয়দ মুজিবুল হককে। আজ সকালে
র‍্যাবের অভিযানে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয় সৈয়দ মুজিবুল হককে। আজ সকালে

চট্টগ্রাম

‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় একজন গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে র‍্যাব গ্রেপ্তার করেছে। তাঁর নাম সৈয়দ মুজিবুল হক। গতকাল বৃহস্পতিবার রাতে হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার মুজিবুল হক বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী। সাজ্জাদের হয়ে নগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজিতে জড়িত তিনি। চন্দনপুরায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় গুলিবর্ষণের ঘটনায় মজিবুল হকও জড়িত বলে দাবি র‍্যাবের।

গত ২৮ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসায় গুলি করে সন্ত্রাসীরা। মোস্তাফিজুর রহমানের ভাই মুজিবুর রহমান ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ স্মার্ট গ্রুপের কাছে কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে চলতি বছরের ১ জানুয়ারি প্রথম দফায় মোস্তাফিজুর রহমানের বাসায় গুলি করেন। গুলিতে বাসার জানালার কাচ ভেঙে যায়। পরে দুই মাসের মাথায় ২৮ ফেব্রুয়ারি আবারও বাসাটিতে গুলি করেন সাজ্জাদের সহযোগীরা। তাঁরা সাবমেশিন গানসহ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্রধারী মুখোশধারী ব্যক্তিরা বাসার পাশে এসে রাস্তা থেকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে থাকেন। ওই সময় বাসায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যানসহ পরিবারের সদস্যরা থাকলেও হতাহত হননি।

জানতে চাইলে র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসাইন প্রথম আলোকে বলেন, স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাসায় গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসামি মুজিবুল হককে গ্রেপ্তার করা হয়েছে।