
বগুড়ায় স্কুলছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া র্যাব-১২–এর একটি দল ধুনট উপজেলা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করে।
আজ বুধবার দুপুরে র্যাব-১২ বগুড়ার ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির অধিনায়ক তৌহিদুল মবিন খান সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
গ্রেপ্তার তরুণের নাম মোহাম্মদ রাসেল (২১)। তিনি ধুনট উপজেলার বাসিন্দা। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তৌহিদুল মবিন খান বলেন, ১৪ নভেম্বর ধুনট উপজেলার এক স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করেন রাসেল। পরে রাসেল ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ২৭ নভেম্বর ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। এ ছাড়া র্যাব ক্যাম্পেও একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে র্যাব অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।