
হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ (৬৯)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর শহরের গোয়ালচামটের নিজ বাড়িতে হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন বিপুল ঘোষ। দ্রুত তাঁকে ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিপুল ঘোষ ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
বিপুল ঘোষের পারিবারিক সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি বিপুল ঘোষকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তিন নম্বর সদস্য নির্বাচিত করা হয়। এর আগেও তিনবার তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি চতুর্থবারের মতো কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াকসহ আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও সুধীজন তাঁর বাসায় আসতে থাকেন। ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত নেতা-কর্মীর সঙ্গে সাক্ষাৎ দিতে গিয়ে তিনি বিশ্রাম নিতে পারছিলেন না। এই অতিরিক্ত চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন হয়তো তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে। এই মুহূর্তে তাঁকে বিশ্রামে থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া কথা বলতে নিষেধ করা হয়েছে।