মুন্সিগঞ্জে বিএনপির আরও ৮ নেতা-কর্মী গ্রেপ্তার, আতঙ্কে অনেকেই এলাকাছাড়া

গ্রেপ্তার
প্রতীকী ছবি

বিএনপির আরও আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত মুন্সিগঞ্জ সদর, শ্রীনগর, সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ৫ দিনে জেলায় বিএনপির অন্তত ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপি নেতাদের অভিযোগ, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ বানচাল ও নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতে আওয়ামী লীগ সরকার পুলিশ ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। তবে পুলিশ বলছে, ১০ ডিসেম্বর নয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।

নতুন করে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন শেখ, আহ্বায়ক কমিটির সদস্য হযরত আলী, মো. আবুল হোসেন, মো. তাছের সর্দার ও লৌহজংয়ের তেউটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. রোমান। এ ছাড়া সিরাজদিখান, সদর ও গজারিয়া থানা এলাকা থেকে একজন করে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশ ওই তিনজনের নাম প্রকাশ করেনি।

মুন্সিগঞ্জ শহর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত প্রথম আলোকে বলেন, দেশের পরিস্থিতি দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। সামান্য একটা সমাবেশের ভয়ে আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে। পুলিশকে ব্যবহার করে চায়ের দোকান, মসজিদ থেকে এমনকি ঘুমন্ত মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। বিএনপির নেতা–কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই পুলিশের ভয়ে ঘরছাড়া হয়েছেন।

পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন প্রথম আলোকে বলেন, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে গ্রেপ্তার করার বিষয়টি সঠিক নয়। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরণ, ভাঙচুর ও মারধরের ঘটনায় নিয়মিত মামলা আছে। বিজয় দিবস, থার্টি ফাস্ট৴ নাইট ও জঙ্গিবিরোধী তৎপরতা চালাতে পুলিশ নিয়মিত  অভিযান চালাচ্ছে। মাসব্যাপী এই অভিযান চলবে বলে জানান তিনি।

আতঙ্কে এলাকাছাড়া নেতা–কর্মীরা

মামলা ও গ্রেপ্তারের ভয়ে জেলার বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে আছেন বলে দলের একাধিক সূত্রে জানা গেছে। আবার ঢাকার বিভাগীয় সমাবেশে উপস্থিতি নিশ্চিত করতে অনেকেই ঢাকা বা ঢাকার আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, পুলিশ প্রতিদিন রাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে, গ্রেপ্তার করছে। আবার সাধারণ মানুষকেও মামলার আসামি করে হয়রানি করছে।  ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও নাশকতার অভিযোগে কয়েক দিনে জেলার ৬ উপজেলায় প্রশাসন ও আওয়ামী লীগ নাটক সাজিয়ে বিএনপির ৫০০-৬০০ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। এর আগেও বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছিল পুলিশ ও আওয়ামী লীগের লোকজন। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশে নেতা-কর্মীরা যাতে যেতে না পারেন, সে জন্য এসব মামলায় তাঁদের ধরপাকড় করা হচ্ছে। বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার এড়াতে দলীয় নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন বলে দাবি করছেন তাঁরা।

নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, পুলিশ প্রতিদিনই বিএনপির নেতা–কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার এড়াতে দলীয় নেতা-কর্মীরা আত্মগোপনে আছেন। আবার অনেকেই সমাবেশে যোগ দিতে ঢাকায় চলে গেছেন।