
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদের বাড়িতে ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আবদুল ওদুদের অভিযোগ, গতকাল কৃষক লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বিরোধের জেরে জেলা কৃষক লীগের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল হক ওরফে টুটুল এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে মেসবাহুলকে চেনা গেছে।
নাম প্রকাশ না করে আবদুল ওদুদ বলেন, ‘জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপের কারণে এবং ওই পুলিশ কর্মকর্তার ছত্রচ্ছায়ায় এসব ঘটনা ঘটছে। স্থানীয় পুলিশ তাঁর ইশারায় চলে। হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে মেসবাহুলের কথা বলেছেন। কিন্তু এ বিষয়ে পুলিশের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এর আগে মেসবাহুল স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদককে মদ্যপ অবস্থায় মুঠোফোনে হুমকি দিয়েছিলেন। অভিযোগ পেয়েও পুলিশ মেসবাহুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এগুলো কীসের আলামত? একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আমি যদি নিরাপত্তা না পাই, তবে সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা পাবে!’
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান প্রথম আলোকে বলেন, হামলার ঘটনার খবর পেয়ে থানার পুলিশসহ তিনি সেখানে যান। তবে তাৎক্ষণিকভাবে মেসবাহুল হকের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে ইটপাটকেল ছুঁড়তে দেখা গেছে। তাঁকে শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ইশারায় স্থানীয় পুলিশের প্রভাবিত হওয়ার অভিযোগের বিষয়টি আলমগীর জাহান অস্বীকার করেন।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে মেসবাহুল হকের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।