নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা স্বাধীনতা শিক্ষক পরিষদের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তাঁরা এই ঘোষণা দেয়। ছবি: প্রথম আলো।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তাঁরা এই ঘোষণা দেয়। ছবি: প্রথম আলো।

বিধি লঙ্ঘন করে গঠনতন্ত্রে সংশোধনী আনার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব-সংলগ্ন একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষ থেকে অবিলম্বে ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করে ও গঠনতন্ত্র অনুসরণ করে পুনঃ তফসিলের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান স্বাধীনতা শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান। তিনি ওই লিখিত বক্তব্যে বলেন, ৭ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩-এর নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ওই তফসিল অনুযায়ী আগের নির্ধারিত ১১টি পদের পরিবর্তে নতুন করে আরও ৪টি পদ সংযুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ বিধিবহির্ভূত।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৭ সালে শিক্ষক সমিতির প্রণীত শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কেবল ‘গঠনতন্ত্র সংশোধনের জন্য ডাকা’ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন করা যাবে। কিন্তু ৬ ডিসেম্বর অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি আগে আলোচ্যসূচিতে রাখা হয়নি। সভার শেষের দিকে একজন সদস্য তাঁর বক্তব্যে গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নিজের মতামত ব্যক্ত করে একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। এরপর ওই প্রস্তাব পাস করে নেওয়া হয় এবং সে অনুযায়ী নির্বাচনী তফসিলে ১১টি পদের পরিবর্তে ১৫টি পদের নির্বাচনের ঘোষণা দেওয়া হয়, যা সম্পূর্ণ গঠনতন্ত্রের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আবদুল্লা আল মামুন। তিনি বক্তৃতায় বলেন, ২০১৭ সালে প্রণীত গঠনতন্ত্রে কার্যনির্বাহী কমিটির প্রত্যেক নির্বাচিত পদধারীর দায়িত্ব নির্দিষ্টভাবে বণ্টন করা আছে; কিন্তু গঠনতন্ত্রের ওই সংশোধনীর মাধ্যমে নতুন সৃষ্টি করা পদধারীদের দায়িত্ব কী হবে, নির্দিষ্টভাবে তা-ও নির্ধারণ করা হয়নি। ফলে ব্যক্তিবিশেষের ইচ্ছাপূরণের লক্ষ্যে এই ত্রুটিপূর্ণ সংশোধনী আনা হয়েছে, যা বিবেকবান শিক্ষকের কাছে অগ্রহণযোগ্য।

সংবাদ সম্মেলনে বলা হয়, তফসিল ঘোষণার পর স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে একাধিকবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণার অনুরোধ জানানো হয়। কিন্তু তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তফসিল বাতিল কিংবা পরিবর্তনের কোনো পদক্ষেপ না নেওয়ায় স্বাধীনতা শিক্ষক পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ যে অভিযোগ করেছে, তা ঠিক নয়। শিক্ষক সমিতির সাধারণ সভায় একজন সদস্য গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি আলোচ্যসূচিতে ছিল। একজন সদস্য সেটি সভায় উপস্থাপন করেছেন। কিন্তু তখন কোনো শিক্ষক প্রস্তাবের বিরোধিতা করেননি। এ কারণেই সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির পদের সংখ্যা ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রথম আলোকে বলেন, শিক্ষক সমিতির সাধারণ সভায় সব সংগঠনের অনুসারী শিক্ষকেরাই উপস্থিত ছিলেন। তা ছাড়া গঠনতন্ত্র সংশোধনের বিষয়টিও আগে থেকে আলোচ্যসূচিতে ছিল। সভায় কোনো শিক্ষক গঠনতন্ত্র সংশোধনের কোনো প্রতিবাদ করেননি। এর আগেও একই নিয়ম অনুসরণ করে গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে বলে উল্লেখ করেন এই শিক্ষকনেতা।

বিশ্ববিদ্যালয়ের একাধিক জ্যেষ্ঠ শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, একটি প্রভাবশালী চক্রের কাছে বন্দী হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের সবকিছু। ওই চক্র বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হাতের পুতুলের মতো ব্যবহার করে নিজের খেয়ালখুশিমতো সবকিছু করছে; যা থেকে বাদ যায়নি শিক্ষক সমিতির গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনপ্রক্রিয়াও।