রামদা দেখিয়ে জিম্মি করে বিএনপি নেতার বাড়িতে লুট

ডাকাতি
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটা উপজেলায় গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এক বিএনপি নেতার বাড়িতে ঢুকে জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা প্রথমে বাড়িতে থাকা লোকজনকে রামদা দেখিয়ে জিম্মি করে ফেলে। এরপর আলমারি ভেঙে ১৬ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকারসহ কিছু জিনিস নিয়ে যায়।

পাথরঘাটা শহরের সরকারি হাজী জালাল উদ্দীন মহিলা কলেজের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিএনপি নেতা ছগির হোসেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী।

পরিবারের সদস্যরা বলেন, রাত আড়াইটার দিকে বিকট শব্দ শুনে বাড়ির লোকজনের ঘুম ভাঙে। ঘুম থেকে জেগে ঘরের লাইট জ্বালিয়ে সবকিছু ঠিকঠাক দেখে তাঁরা আবার ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ৬ সদস্যের ডাকাত দল।

সগীরের বোন সাবিনা বেগম বলেন, ‘ঘরে ঢুকেই আমাদের হাত-পা বেঁধে ফেলে ডাকাতেরা। এরপর আমার বাবা ও ভাইয়ের মেয়ের গলায় রামদা ঠেকায় দুই ডাকাত। অপর দুজন আধুনিক মেশিন দিয়ে আলমারির তালা কেটে ১৬ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ছাড়া একটি এলইডি টিভি ও তিনটি কম্বল নিয়ে যায় তারা। তবে মুখোশ থাকায় কাউকে চেনা যায়নি।’

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর রশিদ বলেন, পাথরঘাটা পৌর শহরে এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি।

সগীর হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। তবে ধারণা করছি, রাজনৈতিকভাবে আমাকে ভয় দেখানোর জন্য স্থানীয় একটি চক্র ডাকাত সেজে আমার ঘরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। ওই ঘটনায় আমার বোন সাবিনা বেগম বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা করবেন।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ডাকাতির খবর শুনে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হবে। এটি রাজনৈতিক শত্রুতা কি না, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।