দিনাজপুরে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান‌
ছবি: প্রথম আলো

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ভিমলপুর মির্জা অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ওলিউল্লাহ (২২), চালকের সহকারী একই উপজেলার মরারচর গ্রামের আজিজুর রহমান (২৪) ও পিকাপের যাত্রী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মোত্তাসিম বিল্লাহ (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে দিনাজপুর শহর থেকে টমেটোবোঝাই পিকআপ ভ্যানটি চাঁপাইনাবাগঞ্জের উদ্দেশে রওনা হয়। পিকআপটি ফুলবাড়ী উপজেলার ভিমলপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে দিনাজপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক, চালকের সহকারী ও পিকআপের যাত্রীর মৃত্যু হয়। যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়। ফুলবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাঁদের উদ্ধার করে। পরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে যান।

ফুলবাড়ী থানার পুলিশ জানায়, ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মোত্তাসিম বিল্লাহ মধ্যপ্রাচ্যের একটি দেশে যাওয়ার প্রস্তুতি নিতে কয়েক দিন আগে ঢাকা গিয়েছিলেন। গতকাল শনিবার রাতে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দেন। ফুলবাড়ীতে নেমে যাওয়ার কথা থাকলেও গাড়িতে ঘুমিয়ে পড়ার কারণে দিনাজপুর শহরের কালীতলায় নেমে পড়েন। আজ ভোরে টমেটোবোঝাই পিকআপে করে দিনাজপুর থেকে ফুলবাড়ীতে নিজের বাড়িতে যাচ্ছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।