বিয়ের দাওয়াতে যাওয়ার পথে বাসের ধাক্কায় দাদি ও নাতনির মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বিয়ের দাওয়াতে যাওয়ার সময় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ইজতেমাফেরত বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন এক শিশুসহ তিনজন। সোমবার দুপুরে উপজেলার হরিপাড়ায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন রত্না বালা (৫০) ও তাঁর নাতনি তিথি রানী (১৭)। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বেশাইন গ্রামের বিধান চন্দ্র বর্মণের মেয়ে তিথি ও বিজয় চন্দ্র বর্মণের স্ত্রী রত্না বালা। তিথি একই উপজেলার কাচেরচড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। আহত হয়েছেন বাবু চন্দ্র রায়ের স্ত্রী অরুণ বালা (৪২), শম্ভু রায়ের স্ত্রী করুণা রানী (৬০) ও বিকাশ চন্দ্র রায়ের মেয়ে অর্পণা রানী (৭)। তাঁরা ঘোড়াঘাট থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে ঢাকার টঙ্গী থেকে বিশ্ব ইজতেমার মুসল্লিদের বহন করা একটি বাস ঘোড়াঘাট হয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল। বাসটি ঘোড়াঘাটের বুলাকিপুর ইউনিয়নের হরিপাড়া এলাকায় একটি বালুবোঝাই ট্রাক্টরকে ধাক্কা দিয়ে অতিক্রম করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইঞ্জিনচালিত যাত্রীবাসী ভ্যানে ধাক্কা দেয়। এতে বাস ও ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দক্ষিণ পাশের একটি খাদে পড়ে যায়। ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিথি রানী মারা যায়। পরে রত্না বালাও মারা যান।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনকে মৃত এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহত তিনজনের মধ্যে করুণা রানী ও অরুণ বালা মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাঁদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অর্পণা রানীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির বলেন, সড়ক দুর্ঘটনাকবলিত বাস, বালুবোঝাই ট্রাক্টর ও ভ্যানটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক ও চালকের সহকারী পলাতক। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।