
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কামরুল ইসলাম শিবু ওরফে শের আলী (৪২) নামের এক ব্যক্তি মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার আগে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কামরুল ইসলাম পেশায় একজন ট্রাকচালক।
শিশুটির মা বলেন, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় তাঁর মেয়ে বাড়ির আঙিনায় খেলছিল। ঝাড়ু দেওয়া শেষ হলে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে একটি বাড়ির ঘর থেকে মেয়ের কণ্ঠ শুনে তিনি অনাকাঙ্ক্ষিত কিছু হওয়ার বিষয়টি বুঝতে পারেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে গ্রামের একটি ঘরে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন কামরুল ইসলাম। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এসে কামরুলকে মারধর করে পুলিশ সোপর্দ করেন। পরে পুলিশের সহযোগিতায় শিশুটিকে গতকাল সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরির বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, শিশুটির প্রাথমিক চিকিৎসা চলছে। শিশুটির পরিবার ও পুলিশ চাইলে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পাওয়ার পর সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।