
পূর্বশত্রুতার জের ধরে ঢাকার সাভারে এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শ্রমিকের এক সহকর্মীকে আটক করেছে পুলিশ।
নিহত শ্রমিকের নাম মনির হোসেন (২১)। তিনি বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। মনির স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনায়। আটক মো. রাজনও (২৫) একই কারখানায় কাজ করেন। তাঁর গ্রামের বাড়িও নেত্রকোনায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে তিন-চার দিন আগে মনির ও রাজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যা সাতটার দিকে বিরুলিয়ার বউবাজার এলাকায় মনিরকে ছুরিকাঘাত করেন রাজন। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশের উদ্যোগে গুরুতর জখম অবস্থায় মনিরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।