
কক্সবাজারের রামু উপজেলায় পাহাড়ধসে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া চারজন হলেন লট উখিয়ারঘোনা এলাকার আজিজুর রহমান (৫৫), তাঁর স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)।
পাহাড়ধসে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফায়ার সার্ভিসের রামু স্টেশনের কর্মকর্তা সৌমেন বড়ুয়া প্রথম আলোকে বলেন, আজিজুর রহমান রান্নাঘরে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে আজিজুরসহ চারজন মাটিচাপায় মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ উদ্ধার করেন। মাটির নিচে আর কোনো লাশ আছে কি না, তা সন্ধান করতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃষ্টি না হয়েও অসময়ে কেন পাহাড় ধসে পড়ল—এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেনি।