চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়লেন নারী, রেললাইনে পড়ে ছিল তরুণের লাশ

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এসব ঘটনা ঘটে। তবে আজ দুপুর পর্যন্ত দুটি ঘটনায় নিহত কারও নাম ও পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। যাত্রাবিরতি শেষে ১ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন।

এসআই সালাউদ্দিন খান বলেন, এদিকে আজ সকালে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) সহায়তা করতে বলা হয়েছে।