
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুমের মধ্যে দেয়ালচাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. মিজবাহ (৩)। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মিজবাহ ওই এলাকার রফিউল আলমের ছেলে।
পরিবারের বরাত দিয়ে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল বলেন, গতকাল রাতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে পড়ে মিজবাহ। রাতে প্রবল বর্ষণে পানিতে ভিজে তাদের ঘরের দেয়াল ভেঙে পড়ে। এ সময় দেয়ালচাপা পড়ে মিজবাহ মারা যায়। আহত হয় তার মা-বাবা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার এসআই শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ রোববার সকালে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।