যশোরে সেই নারী আইনজীবীর পদ ৭ দিনের জন্য স্থগিত করল জেলা আইনজীবী সমিতি

রিকশাচালককে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সম্প্রতি যশোর আদালতের সামনে
ছবি: সংগৃহীত

যশোরে এক রিকশাচালককে প্রকাশ্যে মারধর করার ঘটনায় আইনজীবী আরতি রানী ঘোষের সদস্যপদ সাত দিনের জন্য স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি।

আরতি রানী ঘোষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আজ রোববার দুপুরে সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সাত দিন তিনি আদালতে কোনো মামলার হয়ে লড়তে পারবেন না।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা প্রথম আলোকে বলেন, ‘আরতি রানীর শোকজের জবাব সন্তোষজনক হয়নি। এতে তিনি বলেছেন, ওই রিকশাচালক প্রথমে তাঁকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক আহত হন। পরে রাগান্বিত হয়ে তিনি রিকশাচালককে মারধর করেন। এর সঙ্গে তাঁর চিকিৎসার কাগজপত্র, ক্ষতচিহ্নের ছবি ও হাসপাতালে ভর্তি থাকার প্রমাণপত্র উপস্থাপন করেন।’

আরতি রানীর জবাব সন্তোষজনক নয় জানিয়ে আবু মোর্তজা আরও বলেন, ‘আমরা নমনীয় হয়ে আপাতত তাঁর (আরতি রানী ঘোষ) পদ সাত দিনের জন্য স্থগিত করেছি। তাঁকে সাত দিন পর আবার লিখিত জবাব দিতে বলা হয়েছে। ওই জবাব সন্তোষজনক না হলে আমরা বার কাউন্সিল বরাবর তাঁকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করব।’

অভিযুক্ত আইনজীবী আরতি রানী ঘোষের বাসা শহরের অম্বিকা বসু লেনে। ভুক্তভোগী রিকশাচালক সাইফুল ইসলাম (৪০) সদর উপজেলার আবদুলপুর সিজালি গ্রামের বাসিন্দা।

৭ মে দুপুরে যশোর আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে আইনজীবী আরতি রানী ঘোষের বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। অভিযুক্ত আরতি রানী ঘোষের শাস্তির দাবিতে মানববন্ধন করে জেলা ভ্যান–রিকশা শ্রমিক লীগ। এরপর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় যশোর জেলা আইনজীবী সমিতি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৬ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, কালো গাউন পরিহিত এক আইনজীবী প্রেসক্লাবের সামনে এক রিকশাচালকের জামার কলার ধরে চড়থাপ্পড় দিচ্ছেন। মারতে মারতে তাঁকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন। জামার কলার ধরে বারবার রিকশাচালককে পৌরসভায় নিয়ে গিয়ে লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে তাঁকে দেখা যায়। এ সময় রিকশাচালক হাত উঁচু করে মাফ চান। এরপরও ওই আইনজীবীকে চড়াও হতে দেখা যায়। এ সময় সড়কে পথচারীরা তাঁকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

ভিডিওতে অপর এক পথচারীকে বলতে শোনা যায়, ওই আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তাঁরা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক তাঁর রিকশা নিয়ে চলে যান।