স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে সিএসসিআর। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন। আজ সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে সিএসসিআর। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন। আজ সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে

স্তন ক্যানসার সচেতনতা মাস

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে নিরাময় সম্ভব

স্তন ক্যানসার নিয়ে নারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা জরুরি। অনেক নারী সামাজিক ও পারিবারিক নানা কারণে শারীরিক সমস্যার কথা প্রকাশ করতে চান না। এতে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরুতে দেরি হয়। স্তন ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় শুধু হাসপাতাল বা চিকিৎসকদের নয়, পরিবার, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানেরও ভূমিকা রয়েছে।

আজ বৃহস্পতিবার স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় এ কথা বলেন উপস্থিত বক্তারা। অক্টোবর মাসজুড়ে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরিতে এ আয়োজন করে সিএসসিআর হাসপাতাল। বাংলাদেশসহ বিশ্বব্যাপী অক্টোবর মাসে পালিত হচ্ছে স্তন ক্যানসার সচেতনতা মাস।

আজ সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের প্রবর্তক মোড় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে শেষ হয়। এতে চিকিৎসক, সংবাদকর্মী, শিক্ষক, চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সদস্য, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এর আগে বেলুন উড়িয়ে পিংক অক্টোবর মাসের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, স্তন ক্যানসার সচেতনতা ও চিকিৎসায় এগিয়ে আসায় সিএসসিআরকে ধন্যবাদ। চট্টগ্রামের অনেক নারী রক্ষণশীলতার কারণে স্তন ক্যানসারের উপসর্গ বা সমস্যার কথা গোপন রাখেন। ফলে রোগ শনাক্ত হয় দেরিতে। এ কারণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন সিএসসিআর হাসপাতালের চেয়ারম্যান খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধাক্ষ্য অধ্যাপক মো. আনিসুল হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, স্তন ক্যানসার নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসার। ২০২৪ সালে ১৮৬টি দেশের মধ্যে ১৬৪টি দেশেই নারীদের মধ্যে এটি সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসার ছিল। ২০২৪ সালে বিশ্বে প্রায় ২৪ লাখ নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। এবারের স্তন ক্যানসার সচেতনতা মাসের প্রতিপাদ্য ‘এভরি স্টোরি ইজ ইউনিক, এভরি জার্নি ম্যাটার্স’।

সংস্থাটি বলছে, স্তনে চাকা বা অস্বাভাবিক পুরুত্ব, স্তনের আকার বা আকৃতির পরিবর্তন, ত্বক বা বোঁটায় পরিবর্তন এবং বোঁটা দিয়ে অস্বাভাবিক বা রক্তাক্ত তরল বের হওয়া স্তন ক্যানসারের সম্ভাব্য লক্ষণ হতে পারে। এসব পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পিংক অক্টোবর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রতি রোববার, মঙ্গলবার ও বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিএসসিআরে বিনা মূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিং ও চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। নিবন্ধনের জন্য নগরের বিশেষায়িত হাসপাতাল সিএসসিআরের দ্বিতীয় তলায় অবস্থিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে।

সিএসসিআর কর্তৃপক্ষ জানায়, নিবন্ধিত রোগীদের স্ক্রিনিংয়ের পাশাপাশি ম্যামোগ্রাফি ও হিস্টোপ্যাথলজি পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। শনাক্ত রোগীদের বিনা মূল্যে টিউমার বোর্ডের পরামর্শ দেওয়া হবে। এ ছাড়া স্তন ক্যানসারে আক্রান্ত ১০ জন রোগীর চিকিৎসা সিএসসিআর হাসপাতালে সম্পূর্ণ বিনা মূল্যে করা হবে।

এর পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীদের সমন্বয়ে দ্বিতল পিংক বাসে নগরের বিভিন্ন এলাকায় স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হবে। অক্টোবর মাসের প্রতি শনিবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ভ্রাম্যমাণ দলের মাধ্যমে সেবা নেওয়া রোগীরাও পরবর্তী সময়ে ম্যামোগ্রাফি, হিস্টোপ্যাথলজি পরীক্ষা এবং টিউমার বোর্ডের পরামর্শের সুবিধা পাবেন।

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে নগরে লিফলেট বিতরণ করা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য পৃথক সচেতনতামূলক কর্মসূচিও আয়োজন করা হবে। পাশাপাশি সিএসসিআরের নিয়মিত প্রকাশনা ‘সিএসসিআর কানেক্ট’-এর বিশেষ ‘পিংক অক্টোবর’ সংখ্যা প্রকাশিত হবে।