শ্রীমঙ্গলে খাঁচায় বন্দী লজ্জাবতী বানর উদ্ধার

খাঁচায় বন্দী লজ্জাবতী বানর। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাংলিয়াছড়া চা বাগানে
 ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় খাঁচায় বন্দী একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাংলিয়াছড়া চা–বাগান থেকে ওই লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কৃষকদের লেবু ও আনারসবাগানে গতকাল বুধবার লজ্জাবতী বানরটিকে দেখে এটিকে খাঁচাবন্দী করে রাখেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে লাংলিয়াছড়া চা–বাগানের আজাদ মিয়ার বাড়ি থেকে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসি। প্রাণীটি সুস্থ আছে। বর্তমানে প্রাণীটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে প্রাণীটিকে অবমুক্ত করে দেওয়া হবে।’

শহিদুল ইসলাম আরও বলেন, লজ্জাবতী বানর লাজুক বানর নামেও পরিচিত।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে। এটি দেশের ক্ষুদ্রতম বানরজাতীয় প্রাণী। বাংলাদেশে মূলত চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনের বাসিন্দা। এগুলো নিশাচর ও বনের গভীরে উঁচু গাছে থাকতে পছন্দ করে। দিনে গাছের খোঁড়লে বা ঘন পাতার আড়ালে ঘুমিয়ে কাটায়। বিরল, নিশাচর ও লাজুক হওয়ায় দিনে সহজে চোখে পড়ে না। এগুলো গাছে গাছেই থাকে এবং সহজে মাটিতে নামে না। অত্যন্ত ধীরগতিতে চলাফেরা করে। এগুলো সাধারণত ফল, পাতা, উদ্ভিদের কষ বা নির্যাস ইত্যাদি খায়। মাঝেমধ্যে বড় কীটপতঙ্গ, পাখির ডিম-ছানা, সরীসৃপও খেয়ে থাকে।