
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এবার ছাপানো পাঠ্যবইয়ের কাগজের উজ্জ্বলতা কিছুটা কম হলেও, তা নিউজ প্রিন্ট নয়। কাগজের মানও খারাপ নয়। না জেনে, না বুঝে এক শ্রেণির মানুষ গেল, গেল রব তুলছেন। আজ বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, ‘মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা বছরের প্রথম দিন বই উৎসব করতে পেরেছি—এটি একটি বিশাল ব্যাপার। এই অর্জনকে পাশ কাটানোর জন্যই নানা রকম কথা বলা হচ্ছে।’
অনেক বেশি সাদা কাগজে বই ছাপানো হলে তা চোখের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন দীপু মনি। তিনি বলেন, উন্নত দেশে সাদা কাগজে কিছুটা আইভরি রং দিয়ে তার ওপর বই ছাপানো হয়, যাতে চোখের ক্ষতি না হয়। আর এখানে সবাই মনে করে বই যত বেশি সাদা হবে, ততই ভালো।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘এবার বিদেশ থেকে কাগজ আনার সুযোগ ছিল না। আমাদের হাতে যেই কাগজ ছিল, তা দিয়েই বই ছাপাতে হয়েছে। আগে এক বই একাধিক বার ব্যবহার করা হতো। কিন্তু এখন এক বই এক বছরই পড়ছে শিক্ষার্থীরা। তাই এই বই নিয়ে এমন বড় কোনো অসুবিধা হবে না। আমাদের প্রত্যেকটি বাচ্চা বই পেয়েছে। হয়তো সব বই পায়নি, তবে যেসব বই এখনো বিতরণ করা হয়নি, তা কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া হবে।’
পরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করেন দীপু মনি। এতে আটটি উপজেলা দলের বালক-বালিকা দল ছয়টি খেলায় অংশ নেয়।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য দেন পৌর মেয়র জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম (রোমান), চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আহসান উল্লাহ প্রমুখ।
পরে শিক্ষামন্ত্রী ২০ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান হিসেবে একটি করে বাছুর, ২৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও ৩০০ অসহায় শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করেন।