
‘পোলাডা আমার বড় ভালা ছিল। বাড়ি থেইকা বাইর অওনের সময় আমারে কইল, কিছুক্ষণ পরই কাজ সাইরা বাড়ি চইলা আইব। হেই যে সে গেল, আর জীবিত আইল না। আমার কাছে আইল তার লাশ। সবার ছোট অওনে সে খুব আদরের ছিল। রোজগার কইরা সংসারে টেয়াপইসাও দিত। এহন আমি কী লইয়া বাঁচুম? কে আমারে মা কইয়া ডাকব?’
চাঁদপুরের মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ মো. সালাউদ্দিনের মা মোর্শেদা আক্তার আহাজারি করতে করতে এসব কথা বলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাটি রসুলপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক মো. হোসেন (২২) ও তাঁর আপন চাচাতো ভাই মো. সালাউদ্দিন (২১) নিহত হন। একই পরিবারের দুই তরুণের মৃত্যুতে স্বজনদের আহাজারি থামছেই না।
নিহত হোসেন ও সালাউদ্দিনের বাড়ি উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রামে। হোসেন টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে আর সালাউদ্দিন একই গ্রামের মহসিন মিয়ার ছেলে। সম্পর্কে তাঁরা আপন চাচাতো ভাই। সালাউদ্দিন ঢাকায় একটি কাপড়ের দোকানের কর্মী (বিক্রেতা) হিসেবে কাজ করতেন। আর হোসেন শ্রমিক ছিলেন।
আজ শনিবার সকালে নিহত দুই তরুণের বাড়িতে গিয়ে দেখা গেছে, পরিবারে মাতম চলছে। দুই তরুণের মা–বাবার আহাজারি থামছেই না। দু-একজন শোকে মুহ্যমান। স্বজনদের কান্নায় বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে।
নিহত হোসেনের বাবা রুস্তম আলী প্রথম আলোকে বলেন, ‘আমার তিনডা ছেলের একটা আমারে কিছু না বইলাই দুনিয়ার থেকে চইলা গেল। একজন বাবা অইয়া ছেলের এই মৃত্যু কী কইরা সমু? এভাবে আমার ছেলেডা মইরা যাইব, স্বপ্নেও ভাবি নাই। একটা দুর্ঘটনা সারা জীবন আমারে কান্দাইবো। আমার সবই শেষ অইয়া গেল।’
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হোসেন ও সালাউদ্দিন মোটরসাইকেলে গতকাল বিকেলে ব্যক্তিগত কাজে মতলব দক্ষিণ উপজেলা সদরে যান। কাজ শেষে সন্ধ্যায় তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার ভাটি রসুলপুর এলাকায় বেড়িবাঁধে আসার পর বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাঁদের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় দুই তরুণের পরিবার কোনো অভিযোগ করেনি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।