ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

মিরাজুল ইসলাম
ছবি: সংগৃহীত

ফরিদপুরে মিরাজুল ইসলাম মিরাজ (৪৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মিরাজুল ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহপ্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক। তিনি শহরের লক্ষ্মীপুর এলাকার মৃত আকবর আলী ভূঁইয়ার ছেলে। রাজনীতির পাশাপাশি মিরাজুল ঠিকাদারি ব্যবসা করতেন। গতকাল মিরাজুলকে আহত অবস্থায় প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে আজ শুক্রবার সকালে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে মিরাজুল ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির সামনে সড়কে পৌঁছানোর পরপরই দুই তরুণ মিরাজুলের পথরোধ করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করেন। এ সময় মিরাজুলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মিরাজুলকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, মিরাজুলের ডান হাতে, পেটে এবং ডান হাঁটুতে আঘাত করা রয়েছে। এর মধ্যে তাঁর ডান হাতের আঘাত গুরুতর। এ জন্য তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফরিদপুর পৌরসভার কাউন্সিলর এমএ জলিল বলেন, মিরাজুল স্থানীয় মাদক ব্যবসায়ীদের ব্যাপারে সোচ্চার ছিলেন। তিনি এলাকাবাসীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু মাদক ব্যবসায়ীরা বিষয়টি ভালো নজরে দেখেনি বলে তাঁর ওপর হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, এ ঘটনায় এখনো ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনার সঙ্গে মাদক নিয়ে স্থানীয় আধিপত্য বা অন্য কোনো বিষয় সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।