হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মনতলা রেলস্টেশন এলাকায়
হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মনতলা রেলস্টেশন এলাকায়

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ১৬ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পরও রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ আছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল বুধবার জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে এর ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসে। দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারের কাজ শেষ পর্যায়ে। আশা করা যায়, আর দুই ঘণ্টার মধ্যে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার লিটন চন্দ্র দে বলেন, ওই দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে। সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন সকাল ৬টায় ছাড়া কথা থাকলেও আজ সকাল ৯টায় সিলেট স্টেশন থেকে ছেড়ে শায়েস্তাগঞ্জ জংশনে আটকে আছে। অপর দিকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস হরষপুর রেলস্টেশনে আটকে আছে। সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেন দুপুর ১২টায় সিলেট রেলস্টেশন থেকে ছেড়ে পথে আছে।

এদিকে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর গতকাল রাতে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল নেওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।