নানা রকমের পোকার আক্রমণ দেখা দিয়েছে। বারবার কীটনাশক ছিটিয়েও কোনো উপকার পাওয়া যাচ্ছে না।

তীব্র রোদের মধ্যে বাড়ির পাশের চা–বাগানে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন শাহজাহান আলী (৬০)। বৃষ্টি না হওয়ায় তিনি চা–বাগানে সেচ দিচ্ছেন। চা–বাগানের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বেশি রোদ হইলে চা–গাছে নতুন কুঁড়ি আসে না। পাতাগুলো হলুদ হয়ে কোঁকড়া হয়ে যায়। আর নানা রকমের পোকার আক্রমণ দেখা যায়। বারবার কীটনাশক ছিটিয়েও কোনো উপকার পাওয়া যায় না। বৃষ্টি না হওয়া পর্যন্ত চা–বাগান নিয়ে শান্তি নেই।’
শাহজাহান আলীর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার জগদল-উত্তর গোয়ালপাড়া এলাকায়। গত রোববার দুপুরে কথা হয় তাঁর সঙ্গে। টানা কয়েক দিনের তীব্র রোদ ও প্রচণ্ড গরমে চা–বাগান নিয়ে দুশ্চিন্তায় আছেন শাহজাহান আলী। তাঁর মতোই পঞ্চগড় জেলাসহ উত্তরাঞ্চলের চা–চাষিরা এখন পড়েছেন বিপাকে। পঞ্চগড়ের বেশির ভাগ চা–বাগানে ছায়া বৃক্ষ (শেড ট্রি) নেই। এতে অতিরিক্ত তাপমাত্রার কারণে চা–বাগানে লাল মাকড়সার আক্রমণসহ পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। সেই সঙ্গে আসছে না নতুন কুঁড়ি।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার জগদল, উত্তর গোয়ালপাড়া, কাজীর হাট, ভীতরগড়, মহারাজার দিঘি, প্রধানপাড়া, সোনারবানসহ বিভিন্ন এলাকার চা–বাগান ঘুরে দেখা যায়, তীব্র রোদের মধ্যেই বাগানের পরিচর্যা করছেন চাষিরা। তাঁরা জানান, প্রচণ্ড রোদের কারণে চা–গাছে নতুন কুঁড়ি আসতে পারছে না। যেসব কুঁড়ি বের হয়েছে, সেগুলো রোদে পুড়ে কোঁকড়া হয়ে যাচ্ছে। এ ছাড়া চা–পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না। রোদের তাপে চা–গাছে লাল মাকড়সা, থ্রিপস, লুপারসহ বিভিন্ন পোকার আক্রমণ বেড়ে গেছে। এতে কাঁচা চা–পাতার উৎপাদন আগের চেয়ে কমে গেছে। কীটনাশক ছিটিয়ে তেমন কোনো কাজে আসছে না।
বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের পাঁচ জেলায় (পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লামনিরহাট ও দিনাজপুর) বর্তমানে নিবন্ধিত ৯টি ও অনিবন্ধিত ২১টি বড় চা-বাগান (২৫ একরের ওপরে) রয়েছে। এ ছাড়া ২ হাজার ৫৩টি নিবন্ধিত ও ৬ হাজার ৩০২টি অনিবন্ধিত ক্ষুদ্রায়তনের চা-বাগান (২৫ একরের কম) আছে।
সব মিলিয়ে প্রায় ১২ হাজার ৭৯ একর জমিতে চা হচ্ছে। গত মৌসুমে পাঁচ জেলার সমতল ভূমিতে ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৬ কেজি চা উৎপাদিত হয়েছে। চা চাষের জন্য ২৮ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে সহনীয়। বর্তমানে এই এলাকায় এর চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করায় চা উৎপাদনে কিছুটা প্রভাব পড়তে পারে। এ ছাড়া উত্তরাঞ্চলের বেশির ভাগ চা–বাগানে ছায়া বৃক্ষ (শেঠ ট্রি) না থাকায় প্রচণ্ড রোদ ও গরমে বাগানের কিছুটা ক্ষতি হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, টানা এক সপ্তাহ তেঁতুলিয়ায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত বুধবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
পঞ্চগড় সদর উপজেলার একতা ক্ষুদ্র চা–চাষি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আনছার আলী বলেন, প্রতি বিঘায় যেখানে এক রাউন্ডে (পর্বে) ১ হাজার থেকে ১ হাজার ২০০ কেজি চা–পাতা হতো, সেখানে ৮০০ থেকে ৯০০ কেজি চা–পাতা হচ্ছে। এতে চাষিরা লোকসানে পড়ছেন।
পঞ্চগড়ের মরগেন টি ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক নয়াজেশ আলী চিশতী বলেন, এখন চাষিরা যে কাঁচা চা–পাতা নিয়ে আসছেন, তাতে কুঁড়ি নেই বললেই চলে। রোদে পুড়ে যাওয়ায় চা–পাতার মধ্যে রসও কম। এই পাতা দিয়ে কারখানায় চা উৎপাদন কঠিন। এতে চায়ের উৎপাদন ও মান দুটির কমে যেতে পারে।
বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, চা–গাছের যে সহনীয় তাপমাত্রা, উত্তরাঞ্চলেতার চেয়ে অনেক বেশি তাপমাত্রা। বেশির ভাগ চা–বাগানে শেড ট্রি না থাকায় ক্ষতি বেশি হচ্ছে। এ জন্য চাষিদের শেড ট্রি লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।