ঘন কুয়াশায় সৈয়দপুরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন

ঘন কুয়াশায় ঢাকা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর। ছবিটি সোমবার সকালে তোলা
ছবি: প্রথম আলো

উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিমেল হাওয়ার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহও বইছে এখানে। কয়েক সপ্তাহ ধরে সন্ধ্যা থেকে পরের দিন দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে এই জনপদ। কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ কিংবা উড্ডয়ন করতে পারেনি।

বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ বলেন, সকালে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম। এ কারণে উড়োজাহাজ ওঠানামায় নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে দেড় ঘণ্টা দেরি হতে পারে। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটে। এ জন্য ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের পর্যবেক্ষক লোকমান হাকিম বলেন, সকালে সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।