
নৌযানশ্রমিকদের বেতন–ভাতা বাড়ানোসহ ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ। আজ রোববার দুপুরে পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় নৌযান শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতারা এ ঘোষণা দেন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে ধর্মঘট চলছে।
সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মানিক শরীফের সভাপতিত্বে ও পরিষদের কেন্দ্রীয় সদস্য মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বাল্কহেড শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ঢাকা আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক আবদুর রহমান, নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য আতিকুল ইসলাম।
মানিক শরীফ বলেন, ন্যায়সংগত দাবিতে চলমান শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে ঘোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। গতকাল নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। তিনি আরও বলেন, ২০১৬ সালের নির্ধারিত মজুরি দিয়ে বর্তমান বাজারদরে চলা সম্ভব নয়। শ্রমিকদের দাবি যৌক্তিক। সমাধানের পথে না হাঁটলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকার ও মালিককে নিতে হবে। ১০ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।