মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ভাবি ও দেড় বছরের শিশু ভাতিজাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ছাড়া বড় ভাই গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাচামারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী হলেন বাচামারা এলাকার আমিনান খাতুন (২৮) ও তাঁর দেড় বছরের ছেলে আসওযাদ। আমিনানের আহত স্বামী আবদুস সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মো. ইউসুফ পলাতক।
দৌলতপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আগে বাচামারা গ্রামে ভাই আবদুস সালামের বাড়িতে বেড়াতে আসেন ইউসুফ। গতকাল রাত ১০টার দিকে ভাবি ও ভাতিজাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন ইউসুফ। কিছুক্ষণ পর বড় ভাই সালাম বাড়িতে এলে তাঁকেও হাতুড়ি দিয়ে তিনি আঘাত করেন।
ঘটনাস্থল উপজেলা সদর থেকে বেশ দূরবর্তী যমুনা নদীবেষ্টিত দুর্গম বাচামারা এলাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, পারিবারিক দ্বন্দ্বে ভাবি ও ভাতিজাকে হত্যা করেছেন ছোট ভাই। পরে বড় ভাইকেও হত্যার চেষ্টা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাই তাঁর ভাবি ও শিশু ভাতিজাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।