ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে সোনা–রুপার অলংকার ও প্রতিমা চুরি হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে সোনা–রুপার অলংকার ও প্রতিমা চুরি হয়েছে

আখাউড়ায় মন্দিরের গ্রিল কেটে স্বর্ণালংকারসহ ৬ প্রতিমা চুরি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরি হয়েছে। মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে সোনা–রুপার অলংকার, পিতলের দুটি প্রতিমাসহ মোট ছয়টি প্রতিমা চুরি নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ সম্পর্কে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, চুরি হওয়া মালামাল ও টাকা উদ্ধারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে; একাধিক দল কাজ করছে। অত্যন্ত গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আজ সোমবার সকালে মন্দিরের পূজারি এসে চুরির বিষয়টি দেখতে পান। পরে খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর আগে পূজা উদ্‌যাপন পরিষদ ও আখড়া পরিচালনা কমিটির সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় লোকজন ও মন্দির সূত্রে জানা গেছে, গতকাল রাতে মূল মন্দিরের গ্রিলের একাংশ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে সোনা ও রুপার অলংকার, ছয়টি প্রতিমা ও প্রণামি বাক্সের টাকা লুট হয়েছে।

মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, সকালে পূজা দিতে এসে চুরির ঘটনা ধরা পড়ে। গতকাল রাত নয়টার পর থেকে আজ সকালের মধ্যে এ ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ আসে।

রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ও ভেঙে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া সোনা ও রুপার অলংকারের দাম দুই থেকে আড়াই লাখ টাকা। দানবাক্সের ১৫-২০ হাজার টাকাও চুরি করে নিয়ে গেছে। আজ সন্ধ্যায় থানায় অভিযোগ করেছি।’