
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৭৬ শিশু। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো শিশুর মৃত্যু হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৮ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় ৪২৫ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩২৭ শিশু। মৃত্যু হয়েছে ১২ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৭৬ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৫ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় নতুন আরও ২৮ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এ সময়ে নতুন কোনা শিশুর মৃত্যু হয়নি।