
ঢাকার সঙ্গে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হবে। এটি চালু হলে ভারতের মণিপুর রাজ্যের সঙ্গে পর্যটনসহ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে। আজ শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ইন্টারন্যাশনাল মণিপুরি অ্যাসোসিয়েশনের (ইমা) জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ কথা বলেন।
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, সিলেটের হাওর-বাঁওড়-টিলার বৈচিত্র্যমণ্ডিত পরিবেশে মণিপুরিরা মিশে আছেন। স্বকীয়তায় তাঁরা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে মণিপুরিরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ১৯৭৩ সালে মণিপুরিদের প্রতিনিধিদল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত মণিপুরিদের মন্দির ও স্থাপনা মেরামতের জন্য আর্থিক অনুদান দেন। এ ধারাবাহিকতা আজও বিদ্যমান। মণিপুরি জীবনমান ও সংস্কৃতি উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে চলেছে।
সম্মেলনে ইমা বাংলাদেশের সভাপতি রমেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে বক্তৃতা করেন ইমার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রমোদ রঞ্জন সিংহ, উপদেষ্টা গুরুময়ুম অরুণ কুমার শর্মা, ইমা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস অনিল চন্দ্র সিংহ ও সাধারণ সম্পাদক জেনারেল এল আশাপূর্ণা দেবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রহ্মচারিময়ুম সুপ্রিয়া দেবী।
এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইমার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিরঞ্জন দত্ত, সহসাধারণ সম্পাদক হিজম দ্বিজেন সিংহ।
দুপুরে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অতিথির বক্তব্য দেন ইমা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ব্রহ্মচারিময়ুম সুপ্রিয়া দেবী, ইমা বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবুজম মনিভদ্র, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এল কুঞ্জরাণী দেবী, নির্মলেন্দু শর্মা, জী নিরোদ শর্মা ও প্রমি সিনহা।
সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন অনিমা দেবী, আর কে গীতাঞ্জলি, পুং চলোম, এস অনিক সিংহ এবং এস রিংকু সিংহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিহার রঞ্জন শর্মা, এল সূচনা দেবী, সোরাইজম উমা ও নীলাঞ্জনা দেবী। সম্মেলনে ভারতের মণিপুর, ত্রিপুরা রাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ডেলিগেটরা অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সিলেট নগরের লামাবাজার মণিপুরি মণ্ডপে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘খুবাক ঈশৈ’ পরিবেশন করবেন শিল্পী অনিমা দেবী। কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে রোববার মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার চিৎলিয়া মণিপুরি মণ্ডপে।