সিলেটে বিএনপির সমাবেশে বক্তারা

জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ এখন লাশ নিয়ে রাজনীতি করছে

রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও তাঁদের গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিলেট জেলা রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়
 ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই তারা বিরোধী দলের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছে না। সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়। তবে যতই নির্যাতন, নিপীড়ন আসুক না কেন, বিএনপির গণতন্ত্র মুক্তির আন্দোলন বন্ধ করা যাবে না। এই সরকারের পতন নিশ্চিত না করে বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবেন না।

আজ বৃহস্পতিবার বেলা দুইটায় বিক্ষোভ মিছিল শেষে সিলেটের কিনব্রিজের দক্ষিণ অংশে আয়োজিত সমাবেশে বিএনপির নেতারা এসব কথা বলেন। এর আগে দক্ষিণ সুরমার রেলগেট এলাকা থেকে মিছিল বের করা হয়। এটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কিনব্রিজের দক্ষিণ অংশে এসে মিলিত হয়। এ ছাড়া মহানগর বিএনপির উদ্যোগেও নগরের রেজিস্ট্রারি মাঠে এক বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ওপর পুলিশের নির্বিচার গুলি ও হত্যা ও অভিযানের নামে কার্যালয়ে ঢুকে হামলা এবং নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে পৃথকভাবে জেলা ও মহানগর বিএনপি এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় তিনি তাঁর বক্তৃতায় বলেন, ‘জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ এখন লাশ নিয়ে রাজনীতি করছে। বিএনপির চলমান আন্দোলন চলাকালে তারা জনগণের ওপর হামলা করছে। বিএনপির কার্যালয়ে পুলিশ যে নগ্ন হামলা চালিয়েছে, তা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। পুলিশ সাদা ব্যাগে করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল রেখে আতঙ্ক সৃষ্টি করেছে। সরকারের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়।’

ওই সমাবেশে জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন, মো. শাহাব উদ্দিন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আবুল কাশেম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, কোহিনূর আহমদ, জসিম উদ্দিন, এ কে এম তারেক কালাম, শহীদ আহমদ, ফালাকুজ্জামান চৌধুরী, ইকবাল বাহার চৌধুরী, আবদুল লতিফ খান, কামাল আহমদ, তাজরুল ইসলাম, আনোয়ার হোসেন, ময়নুল হক, আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে মহানগর বিএনপির উদ্যোগে বেলা সাড়ে তিনটায় নগরের রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী। এ সময় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন, সৈয়দ মিসবাহ উদ্দিন, সালেহ আহমদ খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলন করছে। এই আন্দোলনকে থামিয়ে দিতে সরকার নানা ধরনের কলাকৌশল করছে। জাতীয় নেতাদের অত্যন্ত ন্যক্কারজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো বাধাই বিএনপিকে লক্ষ্যচ্যুত করতে পারবে না।