বিশ্ব হাতি দিবস

সংকটাপন্ন এশীয় হাতির সুরক্ষা নিশ্চিতের তাগিদ

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বনাঞ্চলে সাড়ে ১২ লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য আশ্রয়শিবির গড়ে ওঠায় প্রায় ৪০টি এশীয় বন্য হাতির আবাসস্থল ধ্বংস হয়েছে। নষ্ট হয়েছে হাতি চলাচলের করিডরসহ প্রাকৃতিক জলাধার। শুরুর দিকে বন্য হাতির আক্রমণে ১২ জন রোহিঙ্গা ও একজন বাংলাদেশির মৃত্যু হয়। বিপন্ন প্রাণী সংরক্ষণ এবং মানব-হাতি সংঘর্ষ প্রশমনের উদ্যোগ নেওয়ায় প্রাণহানির ঘটনা কমেছে। তবে সংকটাপন্ন এশীয় হাতির সুরক্ষা নিশ্চিত করতে আবাসস্থল সৃষ্টি, বন্ধ করিডর চালু এবং মানুষ-হাতির দ্বন্ধ নিরসনে সমন্বিত কার্যক্রম গ্রহণ করতে হবে।

বিশ্ব হাতি দিবসকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার সৈকতের একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা। তিনি বলেন, রোহিঙ্গাশিবির গড়ে ওঠার কারণে উখিয়া ও টেকনাফের বনাঞ্চলে বন্য হাতিরা বিপদে পড়েছে। তারা স্বাধীনভাবে চলাচল করতে পারছে না। হাতি চলাচলের বেশ কয়েকটা করিডর বন্ধ হয়ে গেছে। প্রাকৃতিক জলাধারও নষ্ট হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএনএইচসিআর কক্সবাজার সাব-অফিসের কর্মকর্তা লুয়ান ওসমানী বলেন, বর্তমানে হাতি ও মানুষের দ্বন্দ্ব কমে এসেছে। বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করায় হাতি হত্যার ঘটনাও কমেছে।

সেমিনারে কক্সবাজার-বান্দরবানসহ দেশের বিপন্ন প্রাণী সংরক্ষণ, মানব-হাতি সংঘর্ষ প্রশমন ও বন্য হাতির সুরক্ষায় করণীয় ব্যবস্থার ওপর দুটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন আইসিইউএনের কর্মকর্তা সুলতান আহমেদ।

ডকুমেন্টারিতে বলা হয়, বর্তমানে দেশে হাতি আছে প্রায় ২৬৮টি। এর মধ্যে কক্সবাজারের দক্ষিণে হাতি আছে ৬০ থেকে ৬৫টি। উখিয়ার ইনানী ও টেকনাফের বনাঞ্চলে ৪৫টির বেশি হাতি আছে। কিন্তু উখিয়া ও টেকনাফের প্রায় সাড়ে ৬ হাজার একর বনাঞ্চল উজাড় করে সাড়ে ১২ লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য আশ্রয়শিবির গড়তে গিয়ে বন্য হাতির আবাসস্থল ও করিডর ধ্বংস হয়। রোহিঙ্গাশিবির তৈরির কারণে উখিয়ার ঘুমঘুম করিডরটি বন্ধ আছে। রামুর রাজারকুল, নাইক্ষ্যংছড়ি, তুলাবাগান করিডরও প্রায় বন্ধ। দেশে হাতি চলাচলের মোট করিডোর আছে ১২টি। এর মধ্যে ৯টি করিডরে হাতি চলাচল করতে পারছে।

এদিকে সেমিনারে বক্তারা বাংলাদেশে হাতির অবস্থা, বণ্টন, আবাসস্থলের অবস্থা এবং বিদ্যমান হুমকির বিষয়ে আলোচনা করেন। এ সময় হাতি রক্ষায় কার্যকর সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।