নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, পরীক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

মাদারীপুরে ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মী নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ডনোভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ওই পরীক্ষার্থীর নাম সাদ্দাম হোসেন (৩০)। তিনি রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকার ইসমাইল মোল্লার ছেলে।

ডনোভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে সাদ্দাম হোসেন নামের এক পরীক্ষার্থী ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্রের উত্তর শুনে উত্তরপত্রে লিখছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ সকাল ১০টা থেকে মাদারীপুর সদর উপজেলার ১২টি কেন্দ্রে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৫৮ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালে ডনোভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে সাদ্দাম হোসেন নামের এক পরীক্ষার্থী ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্রের উত্তর শুনে উত্তরপত্রে লিখতে থাকেন। বিষয়টি নজরে পড়লে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা একজন ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন। এরপর বিষয়টি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওই কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিনকে জানানো হলে তিনি সাদ্দামের সঙ্গে থাকা দুটি ইলেকট্রনিকস ডিভাইস জব্দ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই পরীক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড দেন ইউএনও।

ইউএনও মাইনউদ্দিন প্রথম আলোকে বলেন, পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ইলেকট্রনিকস ডিভাইসটি ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো দেখতে। এ ডিভাইসের ভেতরে থাকে মোবাইল সিম। এর মাধ্যমে ইনকামিং কল রিসিভ করা গেলেও আউটগোয়িং কল করা যায় না। ডিভাইসটির সঙ্গে আছে একটি ছোট বল্টুর মতো ইয়ারপিন, যা কানে লাগিয়ে ওই ডিভাইসে আসা কল রিসিভ করে কথা বলা যায়। এভাবে ওই পরীক্ষার্থী তাঁর পরীক্ষার উত্তরপত্রে লিখতে থাকেন। ওই পরীক্ষার্থী তাঁর অপরাধ স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।