
জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশের আগে ‘নাশকতার’ অভিযোগ এনে দলটির বিভিন্ন পর্যায়ের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। আজ সোমবার তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশে করবে বিএনপি। আজ বেলা তিনটায় জামালপুরেও জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করার কথা আছে। তবে এর আগেই রাতভর অভিযান চালিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে আটকের ঘটনায় অন্যরা আতঙ্কে আছেন।
আটক ব্যক্তিরা হলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ইমরান হোসেন, শিল্পবিষয়ক সম্পাদক রমজান আলী ও সদস্য শহিদুর রহমান, শহর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুবদল নেতা শফিকুল ইসলাম, তিতপল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন ফকির, ঘোড়াধাপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মাহতাব, রশিদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আক্তার, নরুন্দি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নয়ন ও বিএনপিকর্মী সিরাজুল ইসলাম।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিক্ষোভ সমাবেশকে ঘিরে হঠাৎ পুলিশ গণহারে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। গভীর রাত পর্যন্ত পুলিশ বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতেও অভিযান চালিয়েছে। যাঁকে যেখানে পেয়েছে, সেখান থেকেই পুলিশ নিয়ে গেছে। এসব নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। শুধু আজকের বিক্ষোভ সমাবেশ পণ্ড করতেই এ অভিযান করছে পুলিশ। গ্রেপ্তারের আতঙ্কে গতকাল রাতে কোনো নেতা-কর্মী বাড়িতে ঘুমাতে পারেননি বলে দাবি এই বিএনপি নেতার।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, নাশকতার অভিযোগে বিএনপির ১৩ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা করার প্রস্তুতি চলছে। মামলার পর সবাইকে আদালতে পাঠানো হবে।