বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী
ছবি: প্রথম আলো

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আল্লাহর রহমতে আজকে যে বৃষ্টি হচ্ছে, এটি কল্যাণের, এই বৃষ্টি মঙ্গলের। বাংলাদেশ সোনালি ধানে ভরে যাবে। বাংলাদেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না। যথেষ্ট খাদ্য আমাদের মজুত রয়েছে। পৃথিবীর অন্য দেশে হতে পারে, তবে আমাদের যে খাদ্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো দুর্যোগ না দিলে আমরা কোনো খাদ্যসংকটে পড়ব না। দেশে কোনো হাহাকার নাই। আগামীতেও কোনো হাহাকার হবে না, ইনশা আল্লাহ।’

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘দেশ থাকলে, সরকার থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব, দেশের আইনশৃঙ্খলা ও মানুষের নিরাপত্তায় পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবে না, এটা কি হয়! তারা রেললাইনে আগুন দেবে, বিদ্যুতের লাইন কেটে দেবে, ঘরে আগুন দিয়ে জীবন্ত মানুষ মারবে, আর পুলিশ চুপ করে বসে থাকবে? আমরাও চুপ করে বসে থাকব না। ২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিল। সে সময় যেভাবে ঘরে ঢুকিয়েছিলাম, যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গিয়েছিল, আগামী দিনেও সেভাবে যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবে না।’

শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার, সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ও বিশেষ বক্তা ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির, সংসদ সদস্য খান আহমেদ শুভ প্রমুখ।