
বিদ্যুতের তারে জড়িয়ে পুকুরে পড়ে যায় জিহান হাসান। শিশুছেলেকে বাঁচাতে পুকুরে ঝাঁপিয়ে পড়েন বাবা চয়ন হাসান। ছেলেকে রক্ষা করতে পারলেও বাঁচলেন না তিনি। বাড়ির পাশেই হৃদয়বিদারক এ ঘটনা দেখতে এসে সড়কে ইজিবাইকচাপায় প্রাণ গেছে নাফিজা আক্তার নামের এক শিশুর। আজ শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামে।
নিহত চয়ন হাসান (৩৩) বালালী গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় পল্লিচিকিৎসক ছিলেন। তাঁর ছেলে জিহান (৬) বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইজিবাইকের নিচে চাপা পড়ে নিহত শিশু নাফিজা আক্তার (৬) চয়ন হাসানের প্রতিবেশী জুয়েল মিয়ার মেয়ে।
এলাকার বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা পৌনে তিনটার দিকে চয়ন হাসানের মামা জাকির হাসান বাড়ির সামনের পুকুর থেকে মোটরের সাহায্যে নিজের নির্মাণাধীন পাকা ঘরে পানি দিচ্ছিলেন। একপর্যায়ে মোটরের তারে চয়নের ছেলে জিহান হাসান বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে যায়। এ দৃশ্য দেখে ছেলেকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন চয়ন। এ সময় তিনি নিজেও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন চয়ন ও তাঁর ছেলেকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক চয়নকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের শান্তুনু সাহা প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই চয়ন হাসানের মৃত্যু হয়েছে। তাঁর ছেলে জিহানকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা উন্নতির দিকে।
এদিকে ঘটনার পর চয়ন ও জিহানকে দেখার জন্য শিশু নাফিজা আক্তার বড়দের সঙ্গে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালের উদ্দেশে রওনা হলে পথে নাফিজার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।