ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে যশোরে মোট তিন জনের মৃত্যু হলো। জেলায় দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহত নারীর নাম রুমা বেগম (৪৫)। রুমা যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী। নিহত রুমার পরিবারের স্বজনদের সূত্রে জানা গেছে, গত সোমবার অসুস্থ হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রুমা। অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার বিকেলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। রাত ১০টার দিকে তিনি মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশীদ বলেন, লিবার ও ডায়াবেটিকের জটিলতা নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা করে দেখা যায় তিনি ডেঙ্গুতেই আক্রান্ত। গতকাল বিকেলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং রাতে তিনি মারা যান।
ডেঙ্গু রোগী বাড়ছেই
যশোর জেনারেল হাসপাতালের ৪০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ৩৭ জন ভর্তি আছেন, যা সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ২০ শয্যার আরও একটি পুরুষ ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে।
জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক হারুন অর রশীদ বলেন, করোনা অতিমারির সময়ে মানুষ আতঙ্কে হাসপাতালে আসতে চাইত না, কিন্তু এখন তো সেই পরিস্থিতি না। ডেঙ্গু রোগী প্রতিদিনই বাড়ছে। সঙ্গে অন্যান্য রোগী তো রয়েছেই। হাসপাতালে রোগীর জায়গা দেওয়া নিয়ে তো হিমশিম অবস্থা।
হারুন অর রশীদ বলেন, ২৭৮ শয্যার এই হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৬১৫ জন ভর্তি রয়েছেন। হাসপাতালের মেঝে–বারান্দা সব জায়গায় বিছানা পেতে রোগী রাখতে হচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।
যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আগ দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। জেলার অন্যান্য হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন ৬১ জন।
গত জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ২৬১ জন। এর মধ্যে যশোরেই ডেঙ্গুতে আক্রান্ত হন ২২৮ জন। অন্যরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে যশোরে আসেন। এসব ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৭ জন। মৃত্যু হয়েছে মোট তিনজনের।