ভুয়া এনজিও খুলে ৩৫ লাখ টাকা আত্মসাৎ, জয়পুরহাটে সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভুয়া এনজিও খুলে গ্রাহকের ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জয়পুরহাটের বদলগাছি থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছি উপজেলার বলরামপুর গ্রামের এমরান হোসেন, একই উপজেলার হলুদ বিহার গ্রামের আবু সাঈদ ও শহিদুল ইসলাম। তাঁরা দীপগঞ্জ বৌদ্ধবিহার সেভিং অ্যান্ড ক্রেডিট কো–অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি এনজিওর কর্মকর্তার পরিচয় দিতেন। তাঁদের মধ্যে এমরান হোসেন রতন বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপির) সাবেক চেয়ারম্যান।

র‍্যাব সূত্রে জানা গেছে, দ্বীপগঞ্জ এলাকায় দ্বীপগঞ্জ বৌদ্ধবিহার সেভিং অ্যান্ড ক্রেডিট কো–অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে ভুয়া এনজিও কার্যালয় খোলেন গ্রেপ্তার তিন ব্যক্তি। তাঁরা তফসিলি ব্যাংকের চেয়ে দ্বিগুণ মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে গ্রামের সহজ-সরল মানুষদের কাছ আমানত সংগ্রহ করেন। আবার ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে ফাঁকা চেক নেন। বিভিন্ন কৌশলে ওই তিন ব্যক্তি গ্রাহকদের ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেন। তিনজনের বিরুদ্ধে র‍্যাব ক্যাম্পে অভিযোগ করেন ভুক্তভোগী ব৵ক্তিরা। এর পরিপ্রেক্ষিতে ছায়া তদন্ত করে ৩৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়। পরে আজ বিলাসবাড়ী এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সহকারী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিয়ার রহমান বলেন, গ্রেপ্তার তিনজনকে আজকে আদালতে পাঠানো হবে।