চাঁদপুরে ঘাটে লঞ্চ বাঁধা নিয়ে দুই লঞ্চের কর্মীদের হাতাহাতি, যাত্রীরা আতঙ্কে

চাঁদপুর জেলার মানচিত্র
চাঁদপুর জেলার মানচিত্র

ঘাটে লঞ্চ বাঁধা নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে রফরফ-৭ ও আবে জমজম-৭ লঞ্চের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে লঞ্চ ঘাটে আসা ঢাকামুখী যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। পরে নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর পরিদর্শক শাহ আলম বলেন, ‘দুই লঞ্চের কর্মচারীদের মধ্যে ঘাটে লঞ্চ বাঁধা নিয়ে তুচ্ছ ঘটনা ঘটে। আমরা পরবর্তী সময়ে দুটি লঞ্চের যাত্রা বাতিল করে অন্য একটি লঞ্চে ঢাকামুখী যাত্রীদের পার করি।’

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।