নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ দলটির কার্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটানো হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময়ে উপজেলা শহরের জয়পুর জামরুলতলা এলাকায় কার্যালয়টির দেয়ালে ছবি সাঁটানো ও পতাকা উত্তোলন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া এ–সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেছে, পরিত্যক্ত কার্যালয়টির সামনে একটি সাদা রঙের পাইপে উড়ছে জাতীয় পতাকা। এর পেছনে কার্যালয়ের দেয়ালের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি সাঁটানো।
ওই ভিডিও পোস্ট করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার ক্যাপশনে লিখেছেন, ‘লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত করা হয়েছে।’
তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর ছবিগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং পতাকা সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। দুপুরের দিকে কার্যালয়টির সামনে গিয়েছিলেন লোহাগড়ায় কর্মরত কয়েকজন সাংবাদিক। তাঁদের মধ্যে একজন প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা কিছু সময় আগে সেখানে গিয়ে দেখি, সবকিছু ছিঁড়ে ফেলা হয়েছে। সম্ভবত ফেসবুকে ভাইরাল হওয়ার পরপর কে বা কারা গিয়ে সব সরিয়ে ফেলেছে। এখন আর পতাকা বা ছবি কিছুই নেই। তবে দেয়াল থেকে ছবি ছেঁড়া হয়েছে, তা বোঝা যাচ্ছে।’
এ বিষয়ে আজ বিকেলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সেখানে আমাদের অফিসারকে পাঠানো হয়েছে। সে কাজ করছে। বিস্তারিত পরে জানাচ্ছি।’
২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নড়াইলের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কয়েকটি কার্যালয় ও নেতাদের ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। সে সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টিও ভাঙচুর করা হয়েছিল। এর পর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।